প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৮:০৭ এ.এম
ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জ ঘিওরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস।
দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী
এলাকায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন
মুক্তিযোদ্ধা সংসদ, জেলা- উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন
শ্রেণিপেশার মানুষ। পরে শোক র্যালী ও স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত হয়
আলোচনা সভা।
ভোরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক জেলা
প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা
নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান
আক্তার সাথী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা
বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ
মোশাররফ হোসেন মানিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনী তেরশ্রীর তৎকালীন
জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, কলেজ অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন
স্বাধীনতাকামী মানুষকে পুড়িয়ে ও গুলি করে হত্যা করে। ওই সময় পুরো গ্রামের
ঘরবাড়ি জ্বালিয়ে দেয় তারা। সেই ভয়াল দিনের কথা মনে পড়লে আজও আঁতকে ওঠেন
এলাকাবাসী। ২২ নভেম্বর ভোর কেটে সূর্য ওঠার মুহূর্তেই পাকিস্তানি হানাদার
বাহিনী ও দেশীয় রাজাকার ঘিরে ফেলে তেরশ্রী গ্রামের সেনপাড়ার
কালীমন্দিরটি। ঘরে ঘরে দেয় আগুন। ঘর থেকে বের হওয়ার সুযোগ দেয়নি
গ্রামবাসীকে। ছয় ঘণ্টার অপারেশনে ঘাতকদের একের পর এক গুলি করে ৪৩ জন
গ্রামবাসীকে হত্যা করে। ২০১১ সালের ২২ নভেম্বর শহীদদের স্মৃতি রক্ষার্থে
স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। তবে স্বাধীনতার ৫৩ বছর পরেও রাষ্ট্রীয়ভাবে
স্বীকৃতি পায়নি তেরশ্রী গণহত্যা দিবস।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com