ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
উত্তরের জেলা দিনাজপুরে তীব্র শীতের প্রকোপ বেড়েই চলেছে। কনকনে শীত, হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ, বৃদ্ধ, শিশু ও অসহায় দুস্থ ব্যক্তিরা পড়েছেন চরম দুর্ভোগে। এসব শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯জানুয়ারি) বিকেল ৪টায় ফুলবাড়ী পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১০০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
শীতার্তদের নিজ হাতে কম্বল পরিয়ে দেন ফুলবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট আমাদের সকলেরই অনুভব করা উচিত। পৌরসভার পক্ষ থেকে শীতার্তদের জন্য সহযোগিতার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ ফেরদৌস শামস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।
কম্বল হাতে পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। তারা পৌর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, ফুলবাড়ী পৌরসভা প্রতিবছরই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। এতে দরিদ্র ও অসহায় মানুষ কিছুটা হলেও শীতের কষ্ট থেকে মুক্তি পান। পৌর প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।
উল্লেখ্য, চলমান শৈত্যপ্রবাহে দিনাজপুরসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও শীতবস্ত্রের অভাবে অসহায় মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com