
মানিকগঞ্জে ঈদ পরবর্তী উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন হয়েছে, যেখানে হাজারো মানুষ আনন্দে মেতে ওঠে। পাতিল ভাঙা, নারীদের বালিশ নিক্ষেপ, শিশুদের বিস্কুট দৌড়, কলাগাছে ওঠাসহ নানা প্রাচীন খেলা উপভোগ করেন দর্শকরা।
গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মানিকগঞ্জের পশ্চিম সেওতা এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শত শত প্রতিযোগী ও দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সাংবাদিক মো. শফি আলমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, আরিফ হোসেন, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান প্রিন্স প্রমুখ।
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল মোল্লা ও ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি মো. বশির উদ্দিনের সার্বিক সহযোগিতায় এবং মেঘদূত টিভির আয়োজনে এ প্রতিযোগিতা পরিচালনা করেন পশ্চিম সেওতা গ্রামবাসী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ঐতিহ্য রক্ষার প্রয়াসে প্রতি বছর ঈদের পর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন এবং ঈদ পরবর্তী আনন্দে মেতে ওঠেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।
এই প্রতিযোগিতায় প্রবীণ, শিশু, নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। শিশুদের ১০০ মিটার দৌড়, ছোট মেয়েদের বিস্কুট খেলা, বড় মেয়েদের বালিশ নিক্ষেপ, প্রবীণদের পাতিল ভাঙা, ফুটবল লাথি দিয়ে তৈল ফেলা ও তৈলাক্ত কলাগাছে ওঠাসহ নানা আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রকাশক ও সম্পাদক মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় আশা কুটির, ১০০ ফিট রোড,
ভাটারা নতুন বাজার, গুলশান-২ / আঞ্চলিক কার্যালয়, পুখরিয়া, ঘিওর, মানিকগঞ্জ।
হেল্প লাইনঃ 01721608002/01715-487442
www.desh24tv.com