আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি
“Focus, Plan, Succeed” প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক দিকনির্দেশনা দিতে মানিকগঞ্জে “এক্সামিনেশন গাইডলাইন সেশন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যার পর জেলার ঘিওর উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী ঐতিহ্যবাহী সংগঠন “জাবরা নবরুণ সংঘ” এর আয়োজনে এ সেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী আর রাফি মাহমুদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌফিক খান, বানিয়াজুরী ইউনিয়নের সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ওয়াসিম মিয়া, শিক্ষক আনোয়ার হোসেনসহ স্থানীয় শিক্ষাবিদ ও প্রশিক্ষকরা।
তারা বলেন, সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসই সফলতার মূল চাবিকাঠি। পরিকল্পিত প্রস্তুতি, নিয়মিত অনুশীলন ও ইতিবাচক মনোভাব থাকলে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের অনিয়মিত অভ্যাস পরিহার করে মনোযোগ সহকারে পড়াশোনার আহ্বান জানান এবং ভাল ফলাফলের জন্য বিভিন্ন গাইড লাইন প্রদান করেন। পরীক্ষার সিলেবাস, প্রশ্নপত্রের ধরন, কার্যকর স্টাডি টেকনিক, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষার হলে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেশন শেষে পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজক সংগঠন জাবরা নবরুণ সংঘের সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান জহির, শিক্ষানুরাগী ও সমাজসেবক সবুজ হাকিম এবং জনপ্রতিনিধি চায়না আক্তার।
এসময় ব্ক্তারা বলেন, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত জাবরা নবরুণ সংঘ দীর্ঘদিন ধরে সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ গাইডলাইন সেশন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করেছে।