মানিকগঞ্জ প্রতিনিধি
শোকজের সন্তোষজনক জবাব না দেওয়ায় মানিকগঞ্জের ঘিওরে ২ জন নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতারা আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
বহিষ্কৃতরা হলেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান এবং জেলা বিএনপির সদস্য ও ঘিওর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন। তারা দুজনেই ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জনানো হয়।
এর আগে দলের সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।
ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত যাই হোক জনগনের অনুরোধে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন জনগণের সেবা করে আসছি। এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলে জনগণ আমাকে মেনে নেবে না।
আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র গঠনতন্ত্র মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।