মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জিয়াউল হক জিয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র জিয়া ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারের সদস্য।
গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিঞা।
জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন মাহবুবুর রহমান জনি। তিনি এ পদ থেকে পদত্যাগ করে চলতি বছরের ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। শূন্য হওয়া জেলা পরিষদের সদস্য পদে উপনির্বাচন হওয়ার কথা ছিল ২৭ জুলাই।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী গত ৪ জুলাই জিয়াউল হক জিয়া ও স্কুল শিক্ষক মো: ইদ্রিস আলী মনোনয়নপত্র জমা দেন। ৫ জুলাই যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্রই বৈধ হয়। বৃহস্পতিবার মো: ইদ্রিস আলী প্রার্থিতা প্রত্যাহার করেন। জিয়াউল হক জিয়া একক প্রার্থী হওয়ায় তাঁকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।