মোঃশরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের ঘিওর থানায় দায়িত্ব পালনকালে কনস্টেবল রফিকুল ইসলাম (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে থানার অফিস গেটে কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত থানার অফিস গেটে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত ছিলেন। দায়িত্ব নেওয়ার কিছুক্ষণ পরেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কনস্টেবল রফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করোয়া গ্রামে। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে এবং দুই সন্তানের জনক।
ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ তার রক্তের শর্করার মাত্রা শূন্যে নেমে যাওয়ায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল রফিকুল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”