মোঃ শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরকে অভিনন্দন জানিয়ে বালিয়াখোড়া বাজারে দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, নির্বাচনে বিজয় উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১৫ শতাধিক মানুষ অংশ নেন। বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বাসিন্দা, পথচারী ও শ্রমজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে যোগ দেন। বিকেল থেকেই বালিয়াখোড়া বাজার এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, মানিকগঞ্জ-১ আসনের জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়ে তাদের প্রত্যাশা ও আস্থার সুস্পষ্ট প্রতিফলন ঘটিয়েছেন। বিপুল ভোটের এই বিজয় সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ।
এ সময় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতারা বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রীর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতারা আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ উন্নয়ন, স্থিতিশীলতা ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। সেই আস্থার প্রতিদান দিতে ভবিষ্যতেও এলাকায় সামাজিক, মানবিক ও গণতান্ত্রিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কাজী ওয়াজেদ আলী মিস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মাসুদুর রহমান প্রিন্স এবং সঞ্চালনায় ছিলেন ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর শরিফুল আলম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়া।বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন মিলু, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার তুহিন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম মন্টু, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব প্রধান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন দেওয়ান শাকিব ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরীফ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিকে কেন্দ্র করে বালিয়াখোড়া বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে আয়োজকেরা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।