আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠন, ঘিওর প্রেসক্লাব, স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন।কুচকাওয়াজ প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শ্রদ্ধা–ভালোবাসায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরজাহান আক্তার সাথী, ঘিওর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জানে আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান শিকদারসহ আরো অনেকে।