ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর নানা আয়োজন ঘিরে উপজেলা সদর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। ফলে ঘিওর উপজেলা পরিণত হয় বিএনপির মিলনমেলায়।
দিনের শুরুতে ঘিওর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়। পরে মানিকগঞ্জ-১ আসনের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী সমবেত হয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবিতে শ্লোগান দেন।
২০০৬ সালে ক্ষমতা হারানোর পর থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নানা সীমাবদ্ধতা ও বাধার মুখে পড়তে হলেও এবারের নির্বিঘ্ন আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
র্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য ডা. খোন্দকার আকবর হোসেন বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই অঙ্গীকারকে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে সমুন্নত রেখেছেন। তারেক রহমান প্রবাসে থেকেও আন্দোলনের আলোকবর্তিকা হয়ে আমাদের দিশা দেখাচ্ছেন।
তিনি আরও বলেন, আমার পিতা খোন্দকার দেলোয়ার হোসেনকে আপনাদের ভালোবাসা ছিল অতুলনীয়। তাঁর আদর্শ নিয়েই আমি আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।