মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় বিএনপি অফিস মাঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। চারদিক মুখরিত হয় স্লোগানে— ‘তারেক রহমানের নির্দেশ, ঐক্যের পথে দেশ, ৩১ দফা বাস্তবায়ন চাই’— এসব ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো সমাবেশস্থল।
রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ মহাসমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর হোসেন বাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা হচ্ছে জনগণ, দেশ ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি। তিনি বলেন, তারেক রহমান আমাদের শিখিয়েছেন— ঐক্যের বিকল্প নেই। জনগণের শক্তিই বিএনপির আসল ভিত্তি। তাই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে শিক্ষা, কৃষি, অর্থনীতি ও সমাজ সংস্কার সংক্রান্ত দফাগুলো নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।
ড. আকবর হোসেন বাবলু তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমান সর্বদা তরুণদের দেশপ্রেম, সততা ও নৈতিকতার রাজনীতিতে উদ্বুদ্ধ করে আসছেন। মাদকসহ সব ধরনের সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে হবে, তাহলেই প্রকৃত পরিবর্তন সম্ভব হবে।
বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির প্রতিটি কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে— পরিবর্তনের প্রত্যাশায় মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে।
অংশগ্রহণকারী নেতাকর্মীদের ঢলে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়, যা শিবালয়ে বিএনপির ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক এবং সার্বিক পরিচালনা করেন শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু খালিদ ডন।
প্রধান বক্তা ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু, ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কায়সার রেজা, শিবালয় উপজেলা মহিলা দলের সভানেত্রী লুৎফন্নাহার বেগম, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মাস্টার, শিবালয় উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল ফকির, শহীদ জিয়া প্রজন্ম দলের মানিকগঞ্জ জেলা সভাপতি জি এম এনামুল হক, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি আমজাদ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি নেতা এডভোকেট জসিম প্রমুখ।