সুরেশ চন্দ্র রায়, এসএসসি -৮৯
তৌহিদুল, দবির, রওশন আর করিম,
চারটি নাম আজো বাজে হৃদয়ের তিমিরে—
কখনো শ্রেণিকক্ষে হাসির রোল তোলার সুরে,
কখনো মাঠের ঘাসে ভেজা ভোরের নীরব স্মৃতিতে।
এসএসসি–’৮৯—একটা ব্যাচ, এক যুগের ভালোবাসা,
তোমরা ছিলে আমাদের প্রাণের ভাষা।
হঠাৎ একদিন তোমরা গেলে ওপারে,
ফিরে এলে না আর কোনো ডাকে, কোনো আহ্বানে।
আজও মনে পড়ে সেই বন্ধুতার দিন,
একসাথে হাঁটতাম আমরা পথের ধুলায় মাখা বিন্দু বিন্দু রঙে,
কত স্বপ্ন, কত গল্প, কত হাসি—
সবই যেন থেমে গেছে তোমাদের প্রস্থানে।
তোমাদের হাসি আজও বাতাসে ভেসে বেড়ায়,
তোমাদের স্মৃতি হৃদয়ে আগুন জ্বালায়।
তবু প্রার্থনা করি—
সৃষ্টিকর্তা যেন তোমাদের পরকাল করে আলোকিত,
ক্ষমা করে সব ভ্রান্তি, দেয় স্বর্গে বিশ্রাম।
আমরা যারা রয়ে গেছি এই পারের ধুলায়,
তোমাদের স্মৃতি নিয়ে বাঁচি নিরব প্রহরে—
তোমরা নেই, তবু আছো আমাদের প্রতিটি শ্বাসে,
এসএসসি–’৮৯ ব্যাচের হৃদয়ে তোমরা অমর, চিরকালীন ভালোবাসায়।
এই দুনিয়ায় আমরা সবাই দুদিনের মেহমান,
আমরাও আসছি খুব তাড়াতাড়ি, তোমাদের পাশে-রেখে দিও আমাদের স্থান।