আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী জাবরা নবারুণ সংঘের ৬২ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী মঞ্চ নাট্যোৎসব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মাঠে এই আয়োজনের উদ্বোধন করা হয়। নাট্যোৎসবে কয়েক হাজার নারী-পুরুষ নাটকগুলো উপভোগ করেন।
এ আয়োজনে মঞ্চস্থ হয় তিনটি নাটক— একখন্ড জমি, ভষ্ম ও কুলাঙ্গার। নাটকগুলোতে দেশজুড়ে নানা আন্দোলন-সংগ্রাম, সমাজ পরিবর্তন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের লড়াইকে তুলে ধরা হয়েছে। মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি নাচ-গান ও রম্য অভিনয়ে জমে ওঠে নাট্যোৎসব।
নাটকে অভিনয় করেছেন রায়হান জহির, চলচ্চিত্র অভিনেত্রী শাকিরা, মো শামীম মিয়া, সবুজ হাকিম, মো রাশিদুজ্জামান শাকিল, সেঁজুতি, আওয়াল, ডাবলু, ইমু, রাজসহ আরও অনেকে। নাটকগুলোর পরিচালনায় ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব রায়হান জহির ও মো হাকিম খান।
নাট্য প্রদর্শনে সার্বিক সহযোগিতা করেছে জাবরা মুসলিম যুবক সমিতি, জাবরা ও বানিয়াজুরী ইউনিয়নের এলাকাবাসী।
নাটকের পরিচালক রায়হান জহির বলেন, নাটকের মাধ্যমে সামাজিক অভিঘাত তুলে ধরে মানুষের মুক্তচিন্তা ও মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস করেছি।
জাবরা নবারুণ সংঘের সভাপতি মো শামীম মিয়া নাট্যোৎসবে সভাপতিত্ব করেন।
গত শুক্রবার নাট্যোৎসবে প্রধান অতিথি ছিলেন পিয়াল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো আবুল কালাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের এজিএম আশরাফ উজ জামান খান, মানিকগঞ্জ সমিতি ইউ কে’র সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন ভূঁইয়া, শফিকুল ইসলাম এবু, ইউসুব আলী খান, মো শাহীন মিয়া হাসীন, সংঘের সাধারণ সম্পাদক সামসুদ্দিন মাহিন প্রমুখ।
প্রধান অতিথি মো আবুল কালাম খান বলেন, নাটক জীবনের কথা বলে। নাটকের মাধ্যমে সমাজের নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয়। সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের নাট্যোৎসব আয়োজন করা হবে, এবং আমি ব্যক্তিগতভাবে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।