মোঃশরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
ঘিওর উপজেলার ১৫ নং পাঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র খোন্দকার আকতার হামিদ পবন। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।”
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, চেয়ার খেলা ও মোরগ লড়াইসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনায় শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি খোন্দকার আকতার হামিদ পবন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে এবং তাদের প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য উপকারী হবে।”
অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।