মোঃশরিফুল ইসলাম ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার পাবলিক লাইব্রেরী মাঠে ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
এসময় রিতা বর্তমান পরিস্থিতিতে সব নেতাকর্মীকে শান্ত থাকার আহ্বান জানান এবং অন্যায়ভাবে কারও বাড়িঘর ভাঙচুর না করার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সে যত বড় নেতাই হোক কিংবা আমার যত আপনজনই হোক। স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর, সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো।
ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ প্রচার সম্পাদক কামরুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়া প্রমুখ।