আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি
আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি।
আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে সাত সদস্যের এক আহ্বায়ক কমিটি দেয়া হয়। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য সদস্যরা হলেন— এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাডভোকেট আ.ফ.ম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন এবং গোলাম আবেদিন কায়সার।
এ নিয়ে তৃতীয়বারের মতো মানিকগঞ্জ জেলা বিএনপির কর্ণধারের দায়িত্ব পেলেন জেলা বিএনপির দু’বারের সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে শিল্পপতি আফরোজা খান রিতা।
রিতাকে মনিকগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব দেওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে খুশির ঢেউ তৈরি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা উপজেলা ও জেলা শহরে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছেন।
এক প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিতা বলেন, আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় জেলার নিবেদিত প্রাণ, ত্যাগী-বঞ্চিত নেতাকর্মীদের যথাযথা সম্মান দিয়েই সবাইকে নিয়ে দল পূর্ণগঠন করব।
জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা জানান, ‘শেখ হাসিনার শাসনামলে আফরোজা খান রিতা আমাদের পাশে সবসময় ছিলেন। তিনি আমাদের সাহায্য ও সাহস যুগিয়ে দলের নেতাকর্মীদের একত্রিত রেখেছেন। যখন মিথ্যা মামলায় আমরা কারাগারে ছিলাম, তিনি আমাদের পরিবারের খোঁজখবর রাখতেন এবং মুক্তির জন্য আইনজীবী নিযুক্ত করতেন।
উল্লেখ্য গত ২০১৩ সালের ৮ জুন রিতাকে সভাপতি করে ১৬ সদস্যের কমিটি এবং ২০২১ সালের ১৪ মার্চ দলের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন আফরোজা খান রিতা। এসময় জেলায় মোট ৪৫ ভোটের মধ্যে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়ে চলতি সময় পর্যন্ত দায়িত্ব পাালন করে আসছিলেন তিনি।