মোঃ শরিফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নে। একই সঙ্গে, দেশ পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)। তিনি বলেন, “বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলস কাজ করছে। বিএনপির ঘোষিত ৩১ দফা মূলত জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।”
এ সময় তিনি আরও বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। দেশের গণতন্ত্র রক্ষার জন্য অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি।” বর্তমান বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা ব্যাপকভাবে বিরাজ করছে। বিশেষত, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর অধীনে দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়ছে। আমাদের দাবী, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন ঘোষণা করতে হবে।
তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র আজ কঠিন সংকটে পড়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা জরুরি।” তারা আরও বলেন, “বর্তমান ব্যবস্থায় জনগণের মতামত প্রতিফলিত হচ্ছে না, তাই নির্বাচনই একমাত্র সমাধান।”
এছাড়া, সরকারের বিরুদ্ধে দেশে বিরাজমান গণতান্ত্রিক সংকট এবং ভোটাধিকার সঙ্কুচিত হওয়ার ফলে দেশের জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, “গণতন্ত্রের বিপরীতে যেসব চক্রান্ত চলছে, সেগুলোর বিরুদ্ধে বিএনপি সজাগ এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “এখনো ফ্যাসিস্টদের দোসররা ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত গণতান্ত্রিক অর্জন নস্যাৎ করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে।” এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে বিএনপির নেতা-কর্মীদের আরও সক্রিয় হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা বলেন, “বিএনপি একটি জনগণের দল, যেখানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে এবং সে লক্ষ্যেই এই দল কাজ করছে।”
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ইয়াহিয়া মোল্লা, খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আব্দুল মান্নান, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিমু খান মেম্বার, খলসী ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু খালিদ ডন, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান বাচ্চু, বাঁচামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কাইয়ুম,মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য জাকির হোসেন লিটন, তেঁজগাঁও শিল্পাঞ্চল কৃষক দলের সভাপতি মো: সেলিম মিঞা, মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
এ সময় বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।