মোঃশরিফুল ইসলাম ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কোবীর বলেছেন, “৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। একটি চক্র বিএনপির জনপ্রিয়তা ধ্বংস করতে নানা অপপ্রচার চালাচ্ছে, এসব অপপ্রচারে কান না দিয়ে সবাইকে মাঠে থাকতে হবে।”
শনিবার (১৭ মে) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বিএনপির ৩১ দফা প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভা জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একসময় বিশাল জনসভায় রূপ নেয়।
তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কেবল দলীয় ঘোষণাপত্র নয়—এটি দেশের কৃষি, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। কৃষি জমি রক্ষা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং সুশাসন প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য।”
জিন্না কোবীর আরও বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই সামনে যে নির্বাচন আসছে, তাতে বিএনপিকে জয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, বানিয়াজুরী যুবদলের সভাপতি মোঃ সুজন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি দেশের কৃষি, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার একটি সময়োপযোগী রূপরেখা।