এসএসসি পরীক্ষার পর পেরিয়ে গেছে ৩২ টি বছর। সহপাঠীদের বয়স এখন পঞ্চাশের কোঠায়। কৈশোরের চেহারা বদলে গেছে সংসার ও পেশার ভারে। তারপরও ‘প্রাণের বন্ধনে, বন্ধুত্বের টানে’ একত্র হয়েছিলেন তাঁরা।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার গর্বিত এসএসসি ৯২ ব্যাচের সংগঠনটি আয়োজন করে এই পুনর্মিলনীর। গত শুক্রবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত জেলার দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজ মাঠে জমকালো আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ সময় ৯২ ব্যাচের জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে দিনব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রয়াত বন্ধুদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে বিদ্যালয়ের সময়ের মতো জাতীয় সংগীতে সবাই অংশ নেন। তবে সময়ের সঙ্গে বদলে যাওয়া মুখগুলো ফিরে আসে পরিচিতি পর্বে।
পরিচিতি পর্ব শেষে সদস্যদের নিয়ে কেক কাটা, খাবার শেষে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় নাচ-গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ ছাড়া আয়োজনের মধ্যে ছিল সংবর্ধনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণা, র্যাফল ড্র, পুরষ্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা অনুষ্ঠান।
এসএসসি ৯২ ব্যাচের পুনর্মিলনী উদ্যাপন অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রফিক ও সদস্যসচিব মোঃ বাবুল আক্তার টিপু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য, মানিকগঞ্জ গর্বিত এসএসসি ৯২ ব্যাচের জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্যসচিব সিরাজুল ইসলাম, উপসচিব আশরাফুল আলম প্রমুখ।
পুনর্মিলনীর পৃষ্ঠপোষক ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শাহ আলম মিয়া, ডা মাইনুল ইসলাম, নাহিদুল ইসলাম, ইমদাদুল হক, এস এম বাবু, ড. রওশান আরা, নাজমা আক্তার, নুরুন্নাহার হাসিনা, সালমা বেগম, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, এস এম রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম বিপ্লব, সাইদুর রহমান, আব্দুল কাদের, মাজেম আলী, আব্দুল বাতেন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মফিজুল ইসলাম বুলবুল, মনোয়ার আক্তার বিলকিস প্রমুখ।
উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রফিক বলেন, স্কুল জীবনের বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। তাদের ভুলে থাকা যায় না। সেই সব প্রাণের বন্ধুদের সঙ্গে একই ছায়াতলে বসার এটা আমাদের প্রচেষ্টা মাত্র। এখান থেকে সামনের দিনগুলোতে সকলেই একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবে এটাই আমরা প্রত্যাশা।