মোঃ শরিফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মর্মান্তিক একটি হত্যাকাণ্ডে লায়লা আরজু (৬০) নামের এক ক্যান্সার আক্রান্ত গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত লায়লা আরজু রাথুরা গ্রামের মোঃ সেকেন্দার আলীর স্ত্রী এবং দুই সন্তানের জননী। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন।
নিহতের স্বামী মোঃ সেকেন্দার আলী জানান, বুধবার সকালে তিনি স্থানীয় বানিয়াজুরী বাজারে কাঁচা বাজার করতে যান। সকাল ৮টার দিকে বাড়ি ফিরে দ্বিতীয় তলার একটি কক্ষে স্ত্রীর গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, “কে বা কারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিছুই বুঝতে পারছি না।”
ঘিওর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঢাকা থেকে ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করছে। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ প্রাথমিক তদন্তে বাড়ির কাজের মহিলা সাইদা বেগম (৩৮) এবং তার স্বামী মোঃ হালিম (৪৮)-কে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছি। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি।”
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে বিস্তারিত তথ্য জানা যাবে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।