আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
পাক বাহিনী ও এ দেশের দোসরদের হাতে নির্মমভাবে নিহতের ৫৩ বছর পর ‘শহিদ’ স্বীকৃতি পাওয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ ব্যক্তির স্মৃতিতে নির্মিত স্তম্ভে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাধীনতা দিবসে উপজেলা সদরের ঘিওর থানা মসজিদের পাশে নির্মিত স্তম্ভে ফুলের শ্রদ্ধা, আত্নার মাগফেরাত কামনা ও আলোচনা সভা হয়েছে।
এসময় বক্তব্য দেন, প্রবীণ রাজনীতিতজ্ঞ ও সমাজ সেবক আশারাফ উদ্দিন খান, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন খান জকি, ঘিওর উপজেলা জাসদ সভাপতি শামসুল আলম খান, সমাজকর্মী হেলাল উদ্দিন ঠাকুর, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, মানিকগঞ্জ জেলা জাসদ সদস্য আবুল হাশেমসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, অপারেশন সার্চ লাইটে রাতের আঁধারে পাক বাহিনী ও এ দেশের দোসররা ঘিওরের তৎকালীন বিশিষ্ট ব্যক্তি মোহনী কান্ত গুহ, ধীরেন্দ্র নাথ , ধীরেন্দ্র সাহা মদন, নীল মাধব সাহা, জগবন্ধু সাহা ও গৌর চন্দ্রকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করে নদীতে ফেলে দেয়। তারপর থেকে তাদের পরিবার ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ সরকারের বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করে আসছেন। এবছর মহান স্বাধীনতা দিবসে তাদের এই মর্যাদা দেন সরকার।