মোঃ শরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে ভবন নির্মাণকালে পিলার ধসে পড়ে দুলাল মিয়া (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার পঞ্চ রাস্তার মোড়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মেসার্স জাবের অ্যান্ড সন্সের নির্মাণাধীন ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া পার্শ্ববর্তী পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামের বাসিন্দা এবং মৃত আনছের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই সকালে চারজন শ্রমিক ভবনের জন্য মাটি খুঁড়ছিলেন। কাজ চলাকালীন হঠাৎ একটি পিলার ভেঙে পড়ে তাদের ওপর। চারজন শ্রমিকই মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া দুলাল মিয়াকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, পিলারের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে লোহা কেটে দীর্ঘ সময় ধরে কাজ চালাতে হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে এবং পরবর্তীতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।