ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম শেখ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রবিবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের পঞ্চরাস্তা ফ্লাইওভার ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম শেখ দৌলতপুর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মো. ঠান্ডু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর থেকে ছেড়ে আসা স্বাধীনতা পরিবহনের একটি বাসের সঙ্গে বরংগাইল থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম শেখ মারা যান।
খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘিওর থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।