মোঃ শরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সাইংজুরী গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন সূর্যরানী সরকার (৩০)। রোববার (১ জুন) বিকেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা ছেলে ও এক প্রতিবেশী আহত হন। বর্তমানে তারা মানিকগঞ্জের মন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সূর্যরানী সরকার তার ছেলে ও এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে মাঠে ঘাস কাটতে যান। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে আহত হন তার ছেলে ও প্রতিবেশী। তাদের তাৎক্ষণিকভাবে মানিকগঞ্জের মন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আওয়াল খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। আমরা নিহতের পরিবারের পাশে আছি এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সকল ধরনের সহায়তা করছি।”