মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যানবাহনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মো. সোহাগ (৩০) নামে এক অটোচালকের। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সোহাগ বানিয়াজুরী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোচালক। আহতরা হলেন—মোটরসাইকেল চালক ও স্কুল শিক্ষক মাসুদ রানা, পথচারী ফারুক খান, স্থানীয় দোকানের কর্মচারী সন্দেশ ঘোষ, ডিমভর্তি ভ্যানচালক শাহীন ও পথচারী রত্না আক্তার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডিমভর্তি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এরপর সেটি একটি মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ওপর উঠে যায়, যার ফলে সেগুলো দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় অটোচালক সোহাগকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”