মোঃ শরিফুল ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বাজারে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক (৩৩) জানান, তিনি ঘিওর বাজারে “মানিক কম্পিউটার” নামে একটি সার্ভিসিং দোকান পরিচালনা করেন। গত ২৩ জুন (সোমবার ) রাত ৯টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার নাসিম ভূঁইয়া (৪৫) তার দোকানে প্রবেশ করে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন।
আলী আজম মানিক জানান, অভিযুক্ত নাসিম ভূঁইয়া তার পূর্বপরিচিত। তিনি প্রায়ই দোকানে এসে কাজ করিয়ে বিল না দিয়ে চলে যেতেন। টাকা চাওয়ায় নাসিম ক্ষিপ্ত হয়ে হুমকি দেন এবং দোকান বন্ধ করে দেওয়ার ভয় দেখান। ঘটনার দিন তিনি পুনরায় দোকানে এসে নতুন কাজের জন্য চাপ দেন। তখন অন্য কাস্টমারের কাজ চলছিল। মানিক তাকে অপেক্ষা করতে বললে নাসিম উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে দোকানের ভেতরে ঢুকে তার দাড়ি টেনে কিল-ঘুষি মারেন।
তিনি আরও জানান, হামলাকারী আক্রমণে দোকানের কম্পিউটার ভেঙ যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সিসি ক্যামেরার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ঘিওর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।